যৌথ হিসাব- এস এম এ হানিফ
যৌথ হিসাব
-এস এম এ হানিফ
তুমি আর আমি মিলে
আমাদের যৌথপ্রেমে
ইনভেস্ট ছিল বেশি কার
লাভ হলো কার বেশি?
লসের পাল্লা কার বেশি ভারি?
এসো আরেকবার
তুমি আর আমি মিলে
পাশাপাশি বসে
তোমার আমার যৌথপ্রেমের
যৌথ হিসাব কষি।
যৌথসভা হতে পারে আবার
চাইনিজের শেষ কর্ণারের
সেই শেষ টেবিলে–
যেখানে আলো কম
লোকজন নেই বল্লেই চলে
নিরিবিলি খুব, নীরবতা বেশি;
কিংবা হতে পারে সভা
রমনার সেই ছাতার নিচে
অথবা, বোটানির সেই
পায়ে-চলা-পথের কিছুটা দূরে, গাছের পাশে, ঘাসের উপর বসি।
খাতা কলম নিয়ে আবার
হতে পারে ফের দেখা
বুড়িগঙ্গার তীরে,
আহসান মঞ্জিলে কিংবা
পুরান ঢাকার লালবাগ কেল্লায়;
হিসাব মেলাতে কিছুটা দূরে
যেতে পারো আবার পানাম নগরে
কিংবা সোনারগাঁও;
ইচ্ছে হলে যেতে পারো আবার
পুরনো সেই ভূতুরে রাজবাড়ী
কিংবা, পেরাব’র সেই তাজমহলে
যদি তুমি যেতে চাও।
যেতে পারো ফের চিড়িয়াখানা
বিজয়-সরণি-নভোথিয়েটার
যেতো পারো ফের সোহরাওয়ার্দী
কার্জন হল বা টিএসসি;
যেতে পারো চুনকুটিয়া,
কিংবা তোমার গেন্ডারিয়া
সংসদ ভবন, জিয়া উদ্যান
ধানমন্ডি লেক, যেখানে খুশি-
তোমার আমার যৌথপ্রেমে
ইনভেস্ট ছিল বেশি কার-
লাভ হলো কার বেশি ?
এসো আরেকবার
তুমি আর আমি পাশাপাশি বসে
তোমার আমার যৌথপ্রেমের
যৌথ হিসাব কষি।
দোলাইরপাড়, ঢাকা।


No comments
"আপনার মতামত বা প্রশ্ন লিখে জানান। আপনার যেকোনো পরামর্শ সাদরে গৃহীত।"